দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ২ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ২৮ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ৭১২ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৪১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত সাড়ে তিন মাসে মোট ৯৯ হাজার ২০৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ল্যাব পরীক্ষায় ১১ হাজার ৭১০ জনের হাম শনাক্ত হয়েছে।
হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮২ হাজার ৮৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭৯ হাজার ১৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে।
হামের এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে। সম্প্রতি বিরোধী দলীয় নেতা সেলিম উদ্দিন হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রশ্ন তুলেছেন। তবে সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদারসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments