Image description

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৯ দিনের মাথায় ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়ে সংস্থাটি।

পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ শেষে এখন প্রকাশ করা হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল।