Image description

সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বা নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হতে পারে এবং সব ধরনের ভাতা কার্যকর হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে। তবে বেতন বৃদ্ধির হার কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছুটা কমানোর সম্ভাবনা রয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বাস্তবায়ন কমিটি শুরুতে তিন ধাপে এই পে-স্কেল কার্যকরের প্রস্তাব দিয়েছিল। যেখানে প্রথম বছর মূল বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় বছর বাকি ৫০ শতাংশ এবং তৃতীয় বছর থেকে ভাতা কার্যকরের কথা ছিল। তবে অনেক কর্মচারীর ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বর্তমান মূল বেতন এমন পর্যায়ে পৌঁছেছে যে, নতুন কাঠামোর অর্ধেক কার্যকর করলে তাদের প্রকৃত বেতন বাড়ার বদলে উল্টো কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কর্মচারীদের আপত্তির মুখে কমিটি এখন নতুন করে দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করছে।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট পেশের সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রায় ১১ বছর পর সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সমন্বয় করা হচ্ছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বাড়ায় ১ জুলাই থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

বর্তমানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করছে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা বেতনকাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু সরকারের চূড়ান্ত অনুমোদন ও প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

মানবকণ্ঠ/ডিআর