পরাশক্তি জার্মানিকে হারিয়ে ফুটবল বিশ্বে বড় ধরনের এক চমক দেখিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। প্যারাগুয়ের এই ঐতিহাসিক জয় উদযাপনে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১-১ সমতায় শেষ হওয়ার পর ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। সেখানে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল দুটি গুরুত্বপূর্ণ শট রুখে দিয়ে নায়ক বনে যান। আর হোসে কানালের করা সফল শেষ শটটি জার্মানির বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। মজার ব্যাপার হলো, বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম টাইব্রেকারে হারলো জার্মানি।
এই মহাকাব্যিক জয়কে শুধু একটি ফুটবল ম্যাচ হিসেবে দেখছে না প্যারাগুয়ে সরকার। প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছুটির ঘোষণাপত্রে স্বাক্ষরের ছবি প্রকাশ করে লিখেছেন, "এই জয় আমাদের জাতির ঐক্য, আত্মবিশ্বাস ও সংগ্রামী মানসিকতার প্রতীক। পুরো দেশ একসঙ্গে এই ঐতিহাসিক অর্জন উদযাপন করবে।"
বিশ্বকাপের মঞ্চে জার্মানিকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করার তালিকায় প্যারাগুয়ে এখন দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দেশ। এর আগে চলতি আসরেই গ্রুপ পর্বে জার্মানিকে হারানোর পর একই সিদ্ধান্ত নিয়েছিল ইকুয়েডর সরকার।
প্যারাগুয়ের ফুটবল ইতিহাসে এটি অত্যন্ত আবেগের জয়। কারণ, এর মাধ্যমে ২০০২ বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানির কাছে হারের মধুর প্রতিশোধ নিলো দেশটি। এখন কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ে মুখোমুখি হবে ফ্রান্স অথবা সুইডেন ম্যাচের বিজয়ীর বিপক্ষে।
মানবকণ্ঠ/ডিআর




Comments