ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ৩ জুলাই তার তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কূটনৈতিক একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইউএনবি এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের পাঠানো এক বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই সফরে যাচ্ছেন।
স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, “এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজার আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। এরপর কয়েক দিনব্যাপী বিভিন্ন শোক কর্মসূচি ও ধর্মীয় আচার শেষে ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
ইরানের এই প্রভাবশালী নেতার প্রয়াণে দেশটিতে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। জানাজায় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments