কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ৯৭৭ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করে চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয়কারী বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে।
এর মাধ্যমে ছবিটি ক্রিস্টোফার নোলান পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘ওপেনহাইমার’–এর আগের ৯৭৫ মিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। একই সঙ্গে এটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট–এর ইতিহাসে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মর্যাদাও অর্জন করেছে।
চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের শৈশবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের সদস্য হিসেবে সংগীতজীবনের সূচনা থেকে শুরু করে বিশ্বসংগীতের ‘কিং অব পপ’ হয়ে ওঠার অসাধারণ যাত্রা তুলে ধরা হয়েছে।
সিনেমাটির প্রচারণায় লায়ন্সগেট বিশেষ গুরুত্ব দেয় মাইকেল জ্যাকসনের কিংবদন্তিতুল্য মঞ্চ পরিবেশনা, নিখুঁতভাবে পুনর্নির্মিত কনসার্ট এবং তার আইকনিক মিউজিক ভিডিওগুলোর ওপর। বিশ্লেষকদের মতে, এই কৌশলই বিশ্বজুড়ে দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ান ফুকো। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। তার অভিনয় দর্শক ও ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছে।
তবে বাণিজ্যিকভাবে রেকর্ড গড়লেও সমালোচকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। বিখ্যাত বিনোদন সাময়িকী ভ্যারাইটি তাদের পর্যালোচনায় উল্লেখ করেছে, সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের জীবনের একটি পরিমার্জিত চিত্র তুলে ধরা হয়েছে। বিশেষ করে, শিশু যৌন নিপীড়নের অভিযোগকে ঘিরে তার জীবনের সবচেয়ে বিতর্কিত অধ্যায় শুরু হওয়ার আগেই চলচ্চিত্রটির কাহিনির সমাপ্তি টানা হয়েছে, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
এদিকে প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের পর এবার ঘরে বসেই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আন্তর্জাতিক গণমাধ্যম রোলিং স্টোন–এর প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রটি ইতোমধ্যে ফিজিক্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। পাশাপাশি অ্যামাজনে ছবিটির ফোরকে আল্ট্রা এইচডি ব্লু-রে সংস্করণের প্রি-অর্ডারও শুরু হয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মুক্তির অংশ হিসেবে গত ২২ এপ্রিল ইউক্রেনের প্রেক্ষাগৃহেও বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছিল ‘মাইকেল’।




Comments