Image description

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ের উল্লাসে আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে কুমিল্লায় মো. শরীফ নামে এক পুলিশ সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

সোমবার (২৯ জুন) রাত ১টার দিকে কুমিল্লা নগরীর থিরাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত শরীফ কুমিল্লা কোতোয়ালি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, ব্রাজিলের জয়ের পর সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এ সময় থিরাপুকুর পাড় এলাকায় একদল কিশোর আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে টহলরত এএসআই শরীফ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে এক যুবক তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় জড়িত যুবককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।