Image description

জাপানের বিপক্ষে কষ্টার্জিত জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার ক্যাসেমিরো ও লুকাস পাকেতার নতুন ইনজুরি সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নতুন করে বড় দুশ্চিন্তায় ফেলেছে। নরওয়ের বিপক্ষে নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এখন খাতা-কলম নিয়ে নতুন করে ছক কষতে হচ্ছে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে।

জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যাসেমিরো ও পাকেতা। শেষ ষোলোর লড়াইয়ে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। অথচ ইনজুরির তালিকাটা আগে থেকেই বেশ দীর্ঘ। রদ্রিগো, এস্তেভাও ও ওয়েসলির মতো তরুণ প্রতিভারা চোটের কারণে স্কোয়াডেই নেই। এর ওপর আসর চলাকালীন ইনজুরিতে পড়েছেন রাফিনিয়াও।

দলের অন্যতম বড় ভরসা নেইমার জুনিয়র দলে থাকলেও তিনি এখনো শতভাগ ফিট নন। মাঠে আগের মতো প্রভাব বিস্তার করতে না পারায় আক্রমণভাগে কাঙ্ক্ষিত ধার পাচ্ছে না ব্রাজিল। পরিস্থিতি সামাল দিতে একাদশে বারবার পরিবর্তন আনতে হচ্ছে অ্যানচেলত্তিকে। এমনকি ম্যাচ চলাকালীনও খেলোয়াড়দের পজিশন বদলে নতুন কৌশল সাজাতে বাধ্য হচ্ছেন তিনি।

ইনজুরির পাশাপাশি দলের ‘স্কোরিং সংকট’ এখন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহাদের নিয়ে গড়া আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী গোল পাচ্ছে না। বিশেষ করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জাল খুঁজে পেতে বেশ হিমশিম খাচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডরা।

তবে মাঠের পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা থাকলেও দলের মনোবল চাঙ্গা রাখতে গ্যালারিতে ছায়া হয়ে আছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা। রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফু, কাকা, রিভালদো ও বেবেতোদের নিয়মিত গ্যালারিতে দেখা যাচ্ছে। তারা কেবল খেলা দেখছেন না, বরং ড্রেসিংরুমে গিয়ে তরুণ ফুটবলারদের নিয়মিত উৎসাহ ও পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন।

আগামী ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী নরওয়ে। ক্যাসেমিরো-পাকেতাহীন ব্রাজিল ইনজুরি কাটিয়ে কতটা লড়াকু ফুটবল উপহার দিতে পারে, সেটিই এখন কোটি ফুটবল ভক্তের বড় প্রশ্ন।

মানবকণ্ঠ/ডিআর