দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে আজ বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
এবারের পরীক্ষায় প্রথমবারের মতো কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি নকল প্রতিরোধে দেশের সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সারাদেশের পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট এবং ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার তাত্ত্বিক অংশ চলবে ২৫ জুলাই পর্যন্ত, বিএমটির তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তাত্ত্বিক পরীক্ষা শেষ হবে ২২ জুলাই।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা আইনে সংশোধন এনে এবার আরও কঠোর বিধান যুক্ত করা হয়েছে। ফলে আগের তুলনায় পরীক্ষা আরও সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজন করা সম্ভব হবে। একই সঙ্গে উত্তরপত্র মূল্যায়নকারীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
এবার মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৩৯টি।
সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, যা গত বছরের তুলনায় ১৪ হাজার ৩১৬ জন বেশি। এসব শিক্ষার্থী ৪ হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৬ হাজার ৮০৩ জন বেশি। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি পরীক্ষায় অংশ নেবেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী। এটি গত বছরের তুলনায় ১ হাজার ৬৪৭ জন কম। এসব শিক্ষার্থী ১ হাজার ৮৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।




Comments