বলিউডে অভিষেকের পর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও এখনো অভিনয়শিল্পী হিসেবে নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠিত করতে পারেননি জাহ্নবী কাপুর। তবে এবার সেই সুযোগ এনে দিতে পারে বলিউডের কালজয়ী সিনেমা ‘ওহ সাত দিন’-এর সম্ভাব্য রিমেক।
ভারতের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রযোজক বনি কাপুর ১৯৮৩ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ওহ সাত দিন’ নতুনভাবে নির্মাণের পরিকল্পনা করছেন। রিমেকটি নির্মিত হলে পদ্মিনী কোলাপুরী অভিনীত ‘মায়া’ চরিত্রে দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে। গ্ল্যামারনির্ভর চরিত্রের বাইরে গিয়ে অভিনয় দক্ষতা প্রমাণের বড় সুযোগ হিসেবেই এই প্রকল্পকে দেখা হচ্ছে।
শুধু তাই নয়, সিনেমাটির প্রধান দুই পুরুষ চরিত্রে রণবীর কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রাকে ভাবা হচ্ছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সম্প্রতি ‘ওহ সাত দিন’ মুক্তির ৪৩ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি নিয়ে স্মৃতিচারণ করেন বনি কাপুর। তিনি জানান, বর্তমানে যদি ছবিটির রিমেক নির্মাণ করা হয়, তাহলে মূল তিনটি চরিত্রে কাদের দেখতে চান, সে বিষয়ে তাঁর পরিষ্কার ধারণা রয়েছে।
বনি কাপুরের মতে, অনিল কাপুর অভিনীত ‘প্রেম প্রতাপ’ চরিত্রে সবচেয়ে মানানসই হবেন রণবীর কাপুর। আর পদ্মিনী কোলাপুরীর ‘মায়া’ চরিত্রে তিনি দেখতে চান নিজের মেয়ে জাহ্নবী কাপুরকে। অন্যদিকে নাসিরুদ্দিন শাহ অভিনীত ‘ডা. আনন্দ’ চরিত্রের জন্য তাঁর পছন্দ সিদ্ধার্থ মালহোত্রা।
তবে সম্ভাব্য কাস্টিং নিয়ে নিজের ইচ্ছার কথা জানালেও, ‘ওহ সাত দিন’-এর রিমেক কবে থেকে নির্মাণ শুরু হবে বা কবে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেননি বনি কাপুর।




Comments