Image description

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও সীমান্তের ওপারে বিমান হামলার পর কক্সবাজারের টেকনাফ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ এবং সীমান্তপথে চোরাচালান ঠেকাতে স্থল ও নৌ টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) টেকনাফ-২ বিজিবি নাইট্যংপাড়া, বরইতলী, জাদিমোড়া, শাহপরীর দ্বীপ ও হ্নীলা সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। একই সঙ্গে নাফ নদীতেও টহল বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে মিয়ানমারের মংডু এলাকায় বিমান হামলার বিকট শব্দ টেকনাফ সীমান্ত পর্যন্ত শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বিজিবি জানিয়েছে, বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় বাসিন্দারা সীমান্তের ওপারে আগুনের শিখা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। প্রশাসন সীমান্তবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া সীমান্ত এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে।