বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি এখনও একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




Comments