Image description

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ও শিল্পসমৃদ্ধ শহর কোস্তিয়ানতিনিভকা পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (৩ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দীর্ঘ লড়াইয়ের পর শহরটি দখলকে দোনবাস অঞ্চলে মস্কোর বড় ধরনের কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোস্তিয়ানতিনিভকা দখলের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্তারিত অবহিত করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে পুতিনকে একটি কমান্ড পোস্ট পরিদর্শন করে শীর্ষ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন নিতে দেখা যায়।

পুতিন এই বিজয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, ‘কোস্তিয়ানতিনিভকা দোনবাসের একটি বৃহৎ শিল্প ও পরিবহন কেন্দ্র। রাশিয়ার তেল শিল্প লক্ষ্য করে ইউক্রেনীয় হামলা বেড়ে যাওয়ায় আমাদের নিরাপত্তা বলয় আরও সম্প্রসারণ করতে হয়েছে।’ একইসঙ্গে তিনি ঘোষণা করেন, লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো ভূখণ্ড এখন সম্পূর্ণ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।

রুশ বাহিনী আরও জানিয়েছে, তারা কোস্তিয়ানতিনিভকা থেকে ৭০ কিলোমিটার উত্তরের শহর লিমান অভিমুখে অগ্রসর হচ্ছে, যা পরবর্তী সামরিক অভিযানের জন্য লজিস্টিক ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও কিয়েভের কর্মকর্তারা রাশিয়ার এই অগ্রগতির দাবিকে ‘তথ্যযুদ্ধের অংশ’ বলে উড়িয়ে দিয়েছেন। তাদের দাবি, পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা ধীর হয়ে গেছে এবং ইউক্রেনীয় বাহিনী কিছু এলাকা পুনর্দখল করেছে।

এদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। ইরান সংকটের কারণে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা আপাতত স্থগিত থাকলেও, মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শিগগিরই মস্কো ও কিয়েভ সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর