Image description

বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে মিশর। রাউন্ড অব ৩২-এর এই স্মরণীয় জয়টি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। শুক্রবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় নীল নদের দেশটি।

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ভাগ্য। টাইব্রেকারে অস্ট্রেলিয়ার হ্যারি সাউতার ও লুকাস হেরিংটন গোল করতে ব্যর্থ হলে জয়ের সুযোগ পায় মিশর। হোসাম আবদেলমাগুইদ ঠান্ডা মাথায় জয়সূচক গোলটি করে মিশরের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেন।

ম্যাচের শুরুতে ১৩তম মিনিটে ইমাম আশুরের দর্শনীয় হেডে এগিয়ে গিয়েছিল মিশর। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মোহামেদ হানির এক আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে এটিই ছিল মিশরের প্রথম জয়। জয় নিশ্চিত হওয়ার পর মিশরের খেলোয়াড়রা মাঠেই সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ কোচ হোসাম হাসান বলেন, "আল্লাহ ফিলিস্তিনিদের বিজয় দান করুন এবং তাদের শহীদদের ওপর রহম করুন। আমি এই ঐতিহাসিক বিজয় মিশরের জনগণের পাশাপাশি ফিলিস্তিনের সেই দয়ালু ও সম্মানিত মানুষদের উৎসর্গ করছি।"

মাঠে উদযাপনের সময় কোচ হোসাম হাসানের হাতে মিশর ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এই জয়ের ফলে শেষ ষোলোর লড়াইয়ে এখন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর।

মানবকণ্ঠ/ডিআর