হেক্সা শিরোপার মিশনে থাকা ব্রাজিলের সামনে এবার নকআউট পর্বের কঠিন বাধা নরওয়ে। রোববার (৫ জুলাই) রাতে শেষ ষোলোর এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুদল। তবে মাঠের লড়াই শুরুর আগেই পরিসংখ্যান আর তথ্যের চুলচেরা বিশ্লেষণে সম্ভাব্য বিজয়ীর নাম জানিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা সুপার কম্পিউটার।
পরিসংখ্যান ও ফুটবলীয় ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘অপ্টা’-র সুপার কম্পিউটার ২৫ হাজার বার এই ম্যাচের গতিপ্রকৃতি সিমুলেশন (কাল্পনিক ম্যাচ) করেছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, শেষ ষোলোর এই লড়াইয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওরাই।
অপ্টার হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই ব্রাজিলের জয়ের সম্ভাবনা সিংহভাগ—৫৩ দশমিক ৬ শতাংশ। বিপরীতে আর্লিং হল্যান্ডের নরওয়ের জয়ের সম্ভাবনা মাত্র ২২ দশমিক ৪ শতাংশ। বাকি ২৪ শতাংশ ক্ষেত্রে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর আভাস দেওয়া হয়েছে। তবে সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল এগিয়ে আছে ৬৫ দশমিক ৬ শতাংশ সম্ভাবনা নিয়ে, যেখানে নরওয়ের সুযোগ মাত্র ৩৪ দশমিক ৫ শতাংশ।
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের রেকর্ড এককথায় অবিশ্বাস্য। শেষ ১০টি রাউন্ড অফ সিক্সটিন ম্যাচের ৯টিতেই তারা শেষ আট নিশ্চিত করেছে। অন্যদিকে, নরওয়ের জন্য নকআউট পর্বের স্বাদ একদমই নতুন। গ্রুপ পর্বে আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় জয়ে তারা প্রথমবারের মতো নকআউটে কোনো ম্যাচে জয়ের স্বাদ পেয়েছে।
ব্রাজিল দলের অন্যতম শক্তির জায়গা হয়ে উঠেছেন ব্রুনো গিমারায়েস। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ অ্যাসিস্ট , যা তাকে কিংবদন্তি পেলের এক অনন্য রেকর্ডের পাশে দাঁড় করিয়েছে। ১৯৬৬ সালের পর বিশ্বকাপের এক আসরে ব্রাজিলের হয়ে পেলের (৬টি অ্যাসিস্ট) পর গিমারায়েসই এখন সর্বোচ্চ অ্যাসিস্টদাতা। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলক্ষুধা আর গিমারায়েসের মাঝমাঠের জাদু আজ ব্রাজিলের বড় ভরসা।
আজকের ম্যাচে যে দলই জয়ী হবে, কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর। এখন দেখার বিষয়, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী সত্যি করে ব্রাজিল হেক্সা মিশনের পথে আরও এক ধাপ এগিয়ে যায়, নাকি হল্যান্ডের নরওয়ে নতুন কোনো রূপকথা লেখে।
মানবকণ্ঠ/ডিআর




Comments