কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে কোনো প্রতারক চক্র যাতে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে লক্ষ্যে রবিবার এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে দাবি করছে যে, তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে বা মামলার ভয় দেখিয়ে তারা অবৈধভাবে অর্থ দাবি করছে।
এনবিআর স্পষ্ট করে জানিয়েছে, কর নথি অডিটের জন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে প্রচলিত আইন অনুযায়ী কেবলমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে তা জানানো হয়।
সংস্থাটি আরও মনে করিয়ে দিয়েছে যে, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
সন্দেহজনক কোনো ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। একই সঙ্গে, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে এবং প্রতারকের ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।
করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে এনবিআর বদ্ধপরিকর উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই যেন করদাতারা প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments