পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সামনে এবার এক অদ্ভুত পরিসংখ্যান বদলে দেওয়ার সুযোগ। বিশ্বকাপের ইতিহাসে নরওয়ের বিপক্ষে কখনোই জয়ের মুখ দেখেনি সেলেসাওরা। দুই দলের চারটি মুখোমুখি লড়াইয়ে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ, আর বাকি দুটি ড্র হয়েছে।
প্রথম দেখায় ১৯৮৮ সালে ওসলোতে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দুই দল। রোমারিওর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এর প্রায় এক দশক পর, ১৯৯৭ সালে আবারও ওসলো সফরে যায় রোনালদো-রোমারিওদের তারকাখচিত ব্রাজিল। সবার প্রত্যাশা ছিল ব্রাজিলের সহজ জয়। কিন্তু সবাইকে অবাক করে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় নরওয়ে। টোরে আন্দ্রে ফ্লো জোড়া গোল করেন, আর ইয়াকবসেন ও ওস্টেনস্টাড যোগ করেন একটি করে গোল। ব্রাজিলের হয়ে গোল করেন রোমারিও ও ডেনিলসন।
দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ব্রাজিল আগেই শেষ ষোলো নিশ্চিত করলেও পূর্ণ শক্তির দলই মাঠে নামায়।
৭৭ মিনিটে বেবেতোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে মাত্র ছয় মিনিট পর সমতা ফেরান টোরে আন্দ্রে ফ্লো। ম্যাচের ৮৯ মিনিটে জুনিয়র বাইয়ানোর ফাউলে পেনাল্টি পায় নরওয়ে। স্পট কিক থেকে কেতিল রেকডাল গোল করলে ২-১ ব্যবধানে ঐতিহাসিক জয় নিশ্চিত করে নরওয়ে। সেই ফলটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়।
দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে। ব্রাজিলের হয়ে ড্যানিয়েল কারভালহো গোল করলেও মর্টেন গ্যামস্ট পেডারসেনের গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এরপর কেটে গেছে প্রায় দুই দশক। আজ আবার শেষ ষোলোর মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। ব্রাজিল কি এবার অবশেষে নরওয়ের বিপক্ষে জয়ের খাতা খুলে ইতিহাস বদলাতে পারবে, নাকি নরওয়ে ধরে রাখবে তাদের অপরাজিত রেকর্ড—সেই প্রশ্নের উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।




Comments