বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শুরুতে বেশ চাপে ছিল ইংল্যান্ড। ম্যাচের ১৫ মিনিটেই গোল হজমের শঙ্কায় পড়ে থ্রি লায়নসরা। তবে দুর্দান্ত এক সেভ করে দলকে রক্ষা করেন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। আর সেই সেভের পরই ম্যাচের গতি বদলে মাত্র এক মিনিটের ব্যবধানে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহাম।
মেক্সিকোর রাউল হিমেনেজের শক্তিশালী ডাইভিং হেড গোলের দিকেই যাচ্ছিল। কিন্তু দারুণ ক্ষিপ্রতায় বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন পিকফোর্ড। তার অসাধারণ এই সেভে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় ইংল্যান্ড।
পিকফোর্ডের এই সেভের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি।
রুনি বলেন, “ম্যাচের আগে আমি হ্যারি কেইনের স্থিরতার কথা বলেছিলাম। পিকফোর্ডও ঠিক একই ধরনের স্থিরতার পরিচয় দিয়েছে। সে জানত কখন ঝাঁপ দিতে হবে, জানত বাম হাতটা তাড়াহুড়া করে বলের দিকে বাড়ানো যাবে না। একদম নিখুঁত সময়ে হাত বাড়িয়েছে। তার টাইমিং ছিল দুর্দান্ত, পজিশনিংও ছিল নিখুঁত। সত্যিই এটি ছিল অসাধারণ একটি সেভ।”
রুনির মতে, বড় ম্যাচে একজন বিশ্বমানের গোলরক্ষকের সবচেয়ে বড় শক্তি হলো চাপের মুহূর্তে শান্ত থাকা। হিমেনেজের হেড ঠেকিয়ে সেই গুণেরই প্রমাণ দিয়েছেন পিকফোর্ড। আর তার সেই অনুপ্রেরণাতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইংল্যান্ড। মাত্র এক মিনিটের ব্যবধানে গোল করে জুড বেলিংহাম থ্রি লায়নসকে এনে দেন মূল্যবান লিড।




Comments