ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে মরক্কো। দলের এই পরাজয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও মডেল নোরা ফাতেহি।
ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারিতে তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নোরা চোখের পানি মুছছেন, আর পাশে থাকা এক বন্ধু তাকে সান্ত্বনা দিচ্ছেন।
বিশ্বকাপজুড়ে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচই মাঠে বসে উপভোগ করেছেন নোরা। এমনকি একটি ম্যাচ দেখতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে পড়লেও তিনি গাড়ি থেকে নেমে হেঁটে স্টেডিয়ামে পৌঁছান। তবু খেলা শুরুর আগেই নিজের আসনে বসতে সক্ষম হন। মরক্কোর প্রতিটি জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছেন তিনি। কিন্তু ফ্রান্সের কাছে দলের পরাজয় তাকে ভীষণভাবে কষ্ট দেয়।
ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে ফ্রান্স। অন্যদিকে, কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয় মরক্কোর বিশ্বকাপ অভিযান।
পরাজয়ের পরও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা প্রকাশ করেন নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমি এবং পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।
নোরার কান্না নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, গত এক বছর ধরে নোরা ফাতেহি ও মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নোরা ফাতেহি বা আশরাফ হাকিমি-কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।




Comments