Image description

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম হাতের চারটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরণের সময় রনি ঘরে একাই ছিলেন। বিকট শব্দ শুনে স্থানীয়রা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আলামত দেখে ধারণা করা হচ্ছে, রনি ককটেল-জাতীয় কিছু তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার তদন্তে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করছে। আহত যুবককে ঢাকায় নেওয়া হলেও কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।