Image description

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে মানহানি ও অপবাদের মামলা করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলাকে উদ্দেশ্য করে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, সিনেটরের আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস বলেছেন, এমবাপ্পের বক্তব্যের ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে মামলা করা সম্ভব কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। অভিযোগ গৃহীত হলে দেশটির আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

বিতর্কের সূত্রপাত হয়, যখন সিনেটর আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এর জবাবে এমবাপ্পে তাকে "জঘন্য নারী" এবং "নিজের পদের অযোগ্য" বলে মন্তব্য করেন।

অন্যদিকে, ফ্রান্সেও সিনেটর আমারিলার বক্তব্য নিয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে।

তবে সিনেটরের আইনজীবীর দাবি, তিনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, ব্যক্তিগত মতামত থেকেই মন্তব্য করেছিলেন। এদিকে বিতর্কটি দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।