Image description

ভোলার সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার ৩টি বিষয়ের উত্তরপত্র ও ওএমআর (OMR) শিট বরিশাল শিক্ষা বোর্ডে না পাঠিয়ে ভুলবশত গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাঠিয়েছেন ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজের অধ্যক্ষ। এই ঘটনায় ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়া ভোলা সরকারি কলেজের ৮০০ শিক্ষার্থীর ফলাফল নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বাংলা প্রথম পত্র, ৪ জুলাই বাংলা দ্বিতীয় পত্র এবং ৬ জুলাই ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষার পর উত্তরপত্রগুলো বরিশাল শিক্ষা বোর্ডে পাঠানোর কথা থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন সেগুলো পরিচালক (কম্পিউটার), জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ঠিকানায় পাঠিয়ে দেন।

গত ৯ জুলাই (বৃহস্পতিবার) শিক্ষা বোর্ড থেকে পরীক্ষকদের মাঝে উত্তরপত্র বিতরণের সময় বিষয়টি নজরে আসে বোর্ড কর্তৃপক্ষের। ভোলার ওই কেন্দ্রের তিনটি বিষয়ের খাতা না পাওয়ায় বোর্ড থেকে তাৎক্ষণিক অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শুরুতে অধ্যক্ষ খাতাগুলো বোর্ডে পাঠিয়েছেন বলে দাবি করলেও, পরবর্তীতে প্রমাণপত্র (রসিদ) তলব করা হলে দেখা যায় তিনি ভুল ঠিকানায় খাতাগুলো পাঠিয়েছেন।

এ বিষয়ে ভোলার সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন বলেন, ‘ভুলবশত এই ঘটনাটি ঘটেছে। আমরা ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা খাতা ও ওএমআর শিটগুলো ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন।’

এদিকে এই গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইসরাফিল। তিনি বলেন, ‘আমার কলেজের ৮০০ শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। এই ভুলের কারণে যদি পরীক্ষার্থীদের ফলাফল স্থগিত হয় বা কোনো সমস্যা হয়, তবে তার দায়ভার ওই কেন্দ্র কর্তৃপক্ষকেই নিতে হবে। কেন এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে আমি শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামরুজ্জামান কামাল জানান, খাতা বিতরণের সময় বিষয়টি ধরা পড়ার পর আমরা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর