Image description

সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামজনিত উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মোট ৭৬৬ জন প্রাণ হারালেন।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এর আগে গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছিল, ওই ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ জন রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ ধরা পড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত মার্চ মাস থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব ক্রমান্বয়ে ভয়াবহ রূপ নিচ্ছে। শিশুদের ক্ষেত্রে এই রোগের ঝুঁকি বেশি থাকায় অভিভাবকদের সচেতন হওয়ার এবং দ্রুত টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর