মাত্র ৯ বছর বয়সেই শেষ হয় আনুষ্ঠানিক শিক্ষাজীবন। কিন্তু সেই ছোট্ট মেয়েটিই পরবর্তীতে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি। তিনি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবানা, যার আসল নাম আফরোজা সুলতানা রত্না।
১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। তার বাবা ফয়েজ চৌধুরী ও মা ফজিলাতুন্নেসা। শৈশবেই অভিনয়ের প্রতি আগ্রহ থেকে চলচ্চিত্রে পা রাখেন তিনি।
১৯৬২ সালে পরিচালক আজিজুর রহমানের হাত ধরে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় প্রথম অভিনয় করেন। পরে নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেন।
নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে ১৯৬৭ সালে চকোরী চলচ্চিত্রের মাধ্যমে। পাকিস্তানি অভিনেতা নাদিমের বিপরীতে অভিনীত এই ছবিতেই পরিচালক এহতেশাম তার নাম পরিবর্তন করে ‘শাবানা’ রাখেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
বাংলা চলচ্চিত্রে সংগ্রামী নারী, অসহায় স্ত্রী ও মায়ের চরিত্রে বাস্তবধর্মী অভিনয়ের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। পর্দায় বারবার সেলাই মেশিনে কাজ করে সন্তান মানুষ করার দৃশ্যে অভিনয় করায় দর্শকদের মধ্যে একটি কথা প্রচলিত হয়ে যায়—‘সেলাই মেশিন মানেই শাবানা।’
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সফল ছিলেন তিনি। ১৯৭৯ সালে নিজস্ব প্রতিষ্ঠান এস এস প্রোডাকশন্স থেকে নির্মিত মাটির ঘর ছিল তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র। এতে রাজ্জাকের সঙ্গে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়।
১৯৮৮ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার বিরোধ চলচ্চিত্রে বলিউড কিংবদন্তি রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন শাবানা। ছবিটি পরে হিন্দিতে শত্রু নামে মুক্তি পায়।
ব্যক্তিগত জীবনে ১৯৭৪ সালে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী ওয়াহিদ সাদিককে বিয়ে করেন তিনি। তাদের সংসারে দুই মেয়ে—সুমি ও ঊর্মি এবং এক ছেলে নাহিন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসেও শাবানা অনন্য। ১৯৮০ সালে সখী তুমি কার চলচ্চিত্রের জন্য প্রথমবার সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর মোট ১১ বার সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন, যা এখনো বাংলাদেশের কোনো অভিনেত্রীর সর্বোচ্চ অর্জন। ২০১৭ সালে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
১৯৯৯ সালে অভিনয়জীবন থেকে অবসর নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন শাবানা। তার শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ঘরে ঘরে যুদ্ধ মুক্তি পায় ২০০১ সালে। এই ছবিটিই ছিল শাবানা-আলমগীর জুটির শেষ সিনেমা। দুজন একসঙ্গে অভিনয় করেছেন ১৩০টি চলচ্চিত্রে, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল জুটি। সব মিলিয়ে শাবানা অভিনয় করেছেন ২৯৯টি সিনেমায়।
দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। পর্দা থেকে দূরে থাকলেও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এবং দর্শকের হৃদয়ে শাবানা আজও এক অবিস্মরণীয় কিংবদন্তি।




Comments