Image description

জিম্বাবুয়ে সফরে টানা হারের বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতা ফিরল তাওহিদ হৃদয়ের দল।

শুক্রবার (১৭ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ১৮৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসানের বোলিং তোপে ১৯.৪ ওভারে ১৫২ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। তারা ১২০ রানের উদ্বোধনী জুটি গড়েন। তানজিদ ৪৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন এবং সাইফ ৪৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৫৫ রান করেন। তবে মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে দল। শেষ দিকে দৃশ্যপট বদলে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১০ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। ব্র্যাড ইভান্সের করা শেষ ওভারে সাইফউদ্দিন ৪টি ছক্কাসহ ২৮ রান সংগ্রহ করেন। ইয়াসির আলী রাব্বিও ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের পক্ষে বল হাতে ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভা ২টি করে উইকেট নিলেও ইভান্স ৪ ওভারে ৬৫ রান দিয়ে নেতিবাচক রেকর্ড গড়েন। জিম্বাবুয়ের কোনো বোলারের টি-টোয়েন্টিতে এটিই এক ইনিংসে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। লেগ-স্পিনার রিশাদ হোসেন ৩.৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। অফ-স্পিনার শেখ মেহেদী হাসান ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া নাহিদ রানা, সাইফউদ্দিন ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন। জিম্বাবুয়ের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ ২৯ ও অধিনায়ক সিকান্দার রাজা ২৮ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ের ফলে সিরিজের শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো।

মানবকণ্ঠ/ডিআর