Image description

ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর আইকনিক চরিত্র ‘ফুংসুখ ওয়াংড়ু’ লাদাখের প্রখ্যাত উদ্ভাবক সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়—বলিউড মেগাস্টার আমির খানের এমন দাবিতে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই মন্তব্যের জেরে বিরোধী দলের নেতাদের কড়া সমালোচনার মুখে পড়েছেন এই সুপারস্টার। খবর ইন্ডিয়া টুডের।

সম্প্রতি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খান দাবি করেন, ২০০৯ সালে ছবিটি নির্মাণের সময় তারা সোনম ওয়াংচুকের কথা জানতেন না। ফুংসুখ ওয়াংড়ুর চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করে তৈরি—এই ধারণাটি একটি ‘ভুল বোঝাবুঝি’ মাত্র। তার এই মন্তব্যের পরই সরব হয়েছেন রাজনৈতিক ও সামাজিক মহলের সমালোচকরা।

আমির খানের এই অবস্থানের সমালোচনা করে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) এমপি মনোজ ঝা বলেন, “সরকারের সামনে মেরুদণ্ড সোজা রাখা সহজ কাজ নয়। ছবিটি মুক্তির এতদিন পর কেন তারা এই দাবি করছেন? আমিরের এই বয়ান স্পষ্ট করে দেয়, ক্ষমতার সামনে নিরপেক্ষ থাকা কতটা কঠিন।”

আম আদমি পার্টির (এএপি) এমপি সঞ্জয় সিংও আক্রমণাত্মক ভাষায় বলেন, “তদন্তকারী সংস্থার অভিযানের ভয়ে আমির খান বা কোনো তারকাই এখন সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস পান না। বর্তমান ক্ষমতার সামনে সবাই মাথা নত করেছেন।” প্রবীণ কংগ্রেস নেতা হোসেন দলওয়াই আমিরের নীরবতায় বিস্ময় প্রকাশ করে বলেন, সোনম ওয়াংচুক যখন অনশন করছেন, তখন তার প্রতি সংহতি জানানো উচিত ছিল।

সমাজকর্মী প্রশান্ত ভূষণ ও সাবেক কংগ্রেস নেতা সঞ্জয় ঝা-ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমিরের এই অবস্থানকে ব্যঙ্গাত্মকভাবে সমালোচনা করেছেন। তাদের মতে, ‘থ্রি ইডিয়টস’ বা ‘সত্যমেব জয়তে’-র মতো সামাজিক পরিবর্তনের কারিগর হিসেবে পরিচিত সেই আমির খান এখন যেন ম্লান হয়ে গেছেন।

উল্লেখ্য, নিট (NEET) পরীক্ষার অনিয়মের অভিযোগে দিল্লির যন্তরমন্তরে বর্তমানে অনশন করছেন সোনম ওয়াংচুক। অনশনের ফলে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। তার এই লড়াইয়ের সমর্থনে ইতোমধ্যে জিনাত আমান, শাবানা আজমি ও সোনাক্ষী সিনহার মতো তারকারা সরকারের প্রতি আলোচনার আহ্বান জানিয়েছেন।

তবে বিতর্কের মুখে আমির খান জানিয়েছেন, তিনি সোনম ওয়াংচুকের কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন। তিনি আশা প্রকাশ করেন, ওয়াংচুক যেন দ্রুত অনশন ভেঙে সুচিকিৎসা নেন।

মানবকণ্ঠ/ডিআর