বিশ্বকাপ শেষ হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। তবে টুর্নামেন্টটি ফুটবলের জন্য যতটা স্মরণীয়, তার চেয়ে বেশি আলোচনায় এসেছে বিতর্ক, রাজনৈতিক প্রভাব এবং ফিফার বিভিন্ন সিদ্ধান্ত। এমনটাই মনে করেন দ্য গার্ডিয়ানের ফুটবল বিষয়ক কলামিস্ট জোনাথন উইলসন।
তার মতে, ফাইনালে লিয়ান্দ্রো পারেদেস ও পাবলো গাভির হাতাহাতির মধ্য দিয়ে পর্দা নামা এই বিশ্বকাপের প্রকৃত মূল্যায়ন এখনই করা কঠিন। সময়ের সঙ্গে টুর্নামেন্টটির ইতিবাচক ও নেতিবাচক দিক আরও স্পষ্ট হবে।
উইলসনের অভিযোগ, ফিফা রাজনৈতিক ও বাণিজ্যিক চাপের কাছে নতি স্বীকার করেছে। নির্দিষ্ট তারকা খেলোয়াড়দের খেলানোর জন্য নিয়ম বদল এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো সিদ্ধান্ত ফুটবলের দীর্ঘদিনের নীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। তার মতে, এসব সিদ্ধান্ত দেখিয়ে দিয়েছে যে, ফুটবলে এখন খেলার সৌন্দর্যের চেয়ে ব্যবসায়িক স্বার্থই বেশি গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও বলেন, এই বিশ্বকাপে দর্শকদের জন্য টিকিটের উচ্চমূল্য এবং সাধারণ সমর্থকদের সুযোগ কমে যাওয়ায় বিশ্বকাপ ধীরে ধীরে ধনীদের উৎসবে পরিণত হচ্ছে। পাশাপাশি আয়োজক দেশগুলোর সামাজিক ও পরিবেশগত ক্ষতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও কানাডায় গৃহহীনদের উচ্ছেদ এবং মেক্সিকোয় পরিবেশের ওপর বিশ্বকাপ প্রকল্পের প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিশ্লেষণে ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট-এর একটি প্রতিবেদনের কথাও উল্লেখ করা হয়েছে। ওই পত্রিকা বিশ্বকাপকে "মহাবিপর্যয়" আখ্যা দিয়ে টিকিটের দাম, তীব্র গরম, ম্যাচ সংখ্যা বৃদ্ধি এবং খেলোয়াড়দের বিশ্রামের সংকটসহ নানা বিষয় তুলে ধরে। উইলসনের দাবি, ওই প্রতিবেদন প্রকাশের পর ফিফা পত্রিকাটির সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত ফাইনালের অ্যাক্রেডিটেশন কমিয়ে দেয়, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি নেতিবাচক মনোভাবের ইঙ্গিত বহন করে।
মাঠের খেলার মূল্যায়নে তিনি স্বীকার করেছেন, টুর্নামেন্টের প্রথম দিকের নকআউট পর্বে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ হয়েছে। তবে কোয়ার্টার ফাইনাল থেকে সেই উত্তেজনা অনেকটাই কমে যায়। আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালকে তিনি স্মরণীয় বললেও স্পেন-ফ্রান্স ম্যাচকে একপেশে হিসেবে উল্লেখ করেছেন।
ফাইনাল ম্যাচের মূল্যায়নে উইলসন বলেন, এটি ছিল নান্দনিকতার চেয়ে কৌশলনির্ভর এবং কিছুটা হতাশাজনক। তার মতে, যোগ্য দলই শিরোপা জিতেছে, কিন্তু ফাইনালের মান বিশ্বকাপের সামগ্রিক মূল্যায়নকে নিচের দিকে নামিয়ে দিয়েছে।
সব মিলিয়ে জোনাথন উইলসনের মতে, ২০২৬ সালের বিশ্বকাপ ছিল জাঁকজমকপূর্ণ আয়োজনের পাশাপাশি বিতর্ক, বাণিজ্যিক স্বার্থ ও আপসের প্রতীক। ইতিহাসে এই আসরের অবস্থান কোথায় হবে, তার চূড়ান্ত মূল্যায়ন সময়ই করবে।




Comments