গাজা উপত্যকার বড় একটি অংশকে বিচ্ছিন্ন করতে দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ করছে ইসরায়েল। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ২৩ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণ করা হয়েছে, যা গাজার মোট দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে নির্মিত এই বাঁধটি গাজার বিভিন্ন ফিলিস্তিনি জনপদের ওপর দিয়ে গেছে। এসব এলাকা আগে থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। এর মাধ্যমে গাজার ৫০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে বাকি অংশ থেকে আলাদা করার চেষ্টা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এপির প্রকাশিত স্যাটেলাইট চিত্রের সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তথাকথিত 'ইয়েলো লাইন' বরাবর একটি ভৌত বাধা নির্মাণ করেছে। গত অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির সময় এই লাইনটিকে ইসরায়েলি বাহিনীর পিছু হটার সীমারেখা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। যুক্তরাষ্ট্র-সমর্থিত ওই চুক্তিতে এটি পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত একটি অস্থায়ী বিভাজন রেখা হিসেবে বিবেচিত হয়।
তবে যুদ্ধবিরতি কার্যত অচল হয়ে পড়ায় ফিলিস্তিনিদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে, এই অস্থায়ী বিভাজন রেখাই ভবিষ্যতে স্থায়ী সীমান্তে রূপ নিতে পারে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মাটির বাঁধের পাশাপাশি ইয়েলো লাইনের আশপাশে গোয়েন্দা ও প্রযুক্তিনির্ভর একটি নিরাপত্তা বলয়ও গড়ে তোলা হয়েছে। অন্যদিকে, এপির তথ্য অনুযায়ী, এই সীমারেখার কাছে যাওয়া বা এটি অতিক্রমের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু এবং এমন বেসামরিক মানুষও রয়েছেন, যারা সম্ভবত ওই সীমারেখার অবস্থান সম্পর্কে অবগত ছিলেন না।




Comments