টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ও সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে। এর ফলে রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে।
রাষ্ট্রীয় সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০ থেকে ২০০ টাকায়। এক মাস আগে একই মানের কাঁচামরিচের দাম ছিল ৬০ থেকে ১০০ টাকা। অর্থাৎ কেজিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ১০০ টাকা।
ব্যবসায়ীরা জানান, প্রায় দেড় সপ্তাহ আগে শুরু হওয়া টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে সবজির সরবরাহ কমে যায়। এরপর থেকেই কাঁচামরিচের দাম বাড়তে শুরু করে। বর্তমানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে, তবে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচামরিচের।
তাদের মতে, আবহাওয়া স্বাভাবিক হয়ে নতুন করে মরিচের সরবরাহ বাড়লে বাজারে কাঁচামরিচের দামও ধীরে ধীরে কমতে পারে।




Comments