Image description

বিশ্বকাপে টানা তিনবার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয় দলের নতুন কোচ খুঁজছে ইতালি। সেই তালিকায় শীর্ষে উঠে এসেছে বিশ্ব ফুটবলের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার নাম।

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছেন, গার্দিওলাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তাকে দলে টানতে প্রয়োজনে আর্থিক দিক থেকেও বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাগো বলেন, গার্দিওলার নাম বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। তবে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত এপ্রিল মাসে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকে ইতালির প্রধান কোচের পদটি শূন্য রয়েছে। তার অধীনেই ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে ব্যর্থ হয়।

তবে গার্দিওলা একমাত্র প্রার্থী নন। সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায় রয়েছেন ইউরো ২০২০ জয়ী দলের কোচ রবার্তো মানচিনি এবং সাবেক ইতালিয়ান মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোও। মালাগোর মতে, আরও কয়েকজন প্রার্থীর নাম বিবেচনায় রয়েছে।

গার্দিওলা যদি শেষ পর্যন্ত ইতালির দায়িত্ব নেন, তাহলে তিনি হবেন প্রায় ৬০ বছরের মধ্যে দেশটির দ্বিতীয় বিদেশি কোচ। এর আগে ১৯৬৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা ইতালির কোচের দায়িত্ব পালন করেছিলেন।

ম্যানচেস্টার সিটির হয়ে দীর্ঘ এক দশকের সফল অধ্যায় শেষে গত মৌসুমে ক্লাব ছাড়েন গার্দিওলা। তার অধীনে সিটি ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখেও সফল কোচিং ক্যারিয়ার গড়েছেন তিনি।