Image description

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি জাহাজে একযোগে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

হুতিদের দাবি, হামলার ফলে উভয় জাহাজেই আগুন ধরে যায়।

হামলার পর এক বিবৃতিতে হুতিরা জানায়, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এর জবাবে তারা এখন সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করছে।

তবে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন লেগেছে। তবে জাহাজটির ক্রুদের হতাহত হওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দেয়। তারা সতর্ক করে জানায়, লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি আরবের কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।