Image description

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি দিল্লি পুলিশের সদস্যদের যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিই এর এজেন্টদের সঙ্গে তুলনা করেছেন এবং তাদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেছেন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের একদিন পর মঙ্গলবার রাতে দলের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

উর্দু ভাষায় দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন শাহ বলেন, দেশের তরুণদের ওপর যে আচরণ করা হচ্ছে তা তাকে গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। তিনি অভিযোগ করেন, মুখে মুখোশ ও হাতে লাঠি নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর দৃশ্য তাকে যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে করিয়ে দিয়েছে।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, নিজেদের সন্তানদের কথাও একবার ভাবা উচিত। একই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাহস না হারানোর আহ্বান জানিয়ে বলেন, দেশের অসংখ্য মানুষ তাদের পাশে রয়েছে এবং ন্যায়সঙ্গত দাবির আন্দোলন চালিয়ে যাওয়া উচিত।

বিক্ষোভকারীদের অভিযোগ, সোমবার দিল্লি পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতেও এমন দৃশ্য দেখা গেছে। এছাড়া সাধারণ পোশাকে থাকা কিছু ব্যক্তিও আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে দুই সপ্তাহের বেশি সময় ধরে সিজেপির নেতৃত্বে আন্দোলন চলছে। আন্দোলনে সমাজকর্মী সোনম ওয়াংচুকও যোগ দিয়েছেন। মঙ্গলবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হলেও এখনো কোনো সমাধান হয়নি। একই দিন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকেও পুলিশ আটক করে।