ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বিক্ষোভস্থলে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
মুম্বাইয়ের দাদার এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভে উপস্থিত হওয়ার পর এই ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওবার্তায় নিজেই জানিয়েছেন আয়েশা।
ভিডিওতে তিনি বলেন, তিনি শুধু শান্তভাবে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পুলিশ তাকে একটি ভ্যানে তুলে আটক করে। তার দাবি, তিনি কোনো বিক্ষোভ শুরু করেননি বা বিশৃঙ্খলাও সৃষ্টি করেননি।
আয়েশা জানান, এর আগে তার ভাই ও কয়েকজন বন্ধুকে পুলিশ আটক করেছিল। তাদের খোঁজ নিতে গিয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক যুবক অভিযোগ করছেন যে গণিতের পরীক্ষা থাকলেও কোনো কারণ ছাড়াই তাকে আটক করা হয়েছে। অন্য একটি ভিডিওতে আয়েশাকে পুলিশ সদস্যদের কাছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইতে দেখা যায়, তবে তিনি কোনো উত্তর পাননি। আরও একটি ভিডিওতে কয়েকজন নারী পুলিশ সদস্য তাকে ভ্যানে তুলছেন।
আটক হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলে আয়েশা বলেন, তিনি কোনো হইচই করেননি, কাউকে উসকানিও দেননি এবং কোনো বিক্ষোভকারী দলের অংশও ছিলেন না। শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণেই তাকে আটক করা হয়েছে বলে তার অভিযোগ।
পরে তাকে মুম্বাইয়ের ওরলি থানায় নেওয়া হয়। সেখানে পুলিশ কর্মকর্তারা সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন বলে জানান অভিনেত্রী। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও কেন আটক করা হয়েছিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন তিনি।




Comments