রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারের একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি এখন কেবল সময়ের ব্যাপার বলে ওই সূত্রটি দাবি করেছে।
সূত্র জানায়, সরকার ও বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা চলছে। নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত করতে বিলম্ব হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো সংশয় নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রটি।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগ সরকারের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও তিনি তার পদে বহাল ছিলেন। ওই সময় আন্দোলনকারী ছাত্রনেতারা তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণে কোনো পদক্ষেপ নেয়নি।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠনের পর রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন, মেয়াদের মাঝামাঝি সময়ে তিনি পদত্যাগ করতে চান। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন যে, সরকার চাইলে তিনি দায়িত্বে থাকবেন, অন্যথায় তিনি স্বেচ্ছায় সরে যাবেন।
দেশের সর্বোচ্চ সাংবিধানিক এই পদে পরিবর্তনের মাধ্যমে গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পুনর্গঠন প্রক্রিয়ায় আরও একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম তাদের পছন্দসই কাউকে রাষ্ট্রপতি করার সুযোগ পাচ্ছে। কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনা বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments