Image description

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভের মুখে বিশেষ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ বা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে মোদি বলেন, “তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার বদ্ধপরিকর।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।

তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন রাজ্যে আন্দোলন আরও জোরদার করা হয়েছে।

বার্তাসংস্থা ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতের বিভিন্ন রাজ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে বর্তমানে হিমশিম খেতে হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও বিশেষ আদালত গঠনের প্রতিশ্রুতি আন্দোলনকারীদের শান্ত করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

মানবকণ্ঠ/ডিআর