Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেছেন, “এই গণভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও অবৈধ এবং এই বিএনপি সরকারও অবৈধ।” 

বুধবার (২২ জুলাই) রাত ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাণিনগর উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই পথযাত্রা’ শেষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম সরকারের কড়া সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে দশ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমানে বিএনপিও খাল খননের নামে মেগা লুটপাটে মেতেছে। শ্রমিক দিয়ে খাল খননের কথা থাকলেও বিএনপির নেতাকর্মীরা ভুয়া তালিকা তৈরি করে টাকা তুলে নিচ্ছে। এমনকি দশ বছর আগে মারা যাওয়া ব্যক্তিদের নামও সেই তালিকায় দেওয়া হয়েছে। অথচ কাজ করা হচ্ছে ড্রেজার দিয়ে এবং সেই বালু ও পাথরও লুটপাট করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপির স্থানীয় প্রভাবশালী নেতাদের টাকা না দিলে বর্তমানে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারেন না। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে হলে বাধ্যতামূলকভাবে বিএনপির পদধারী হতে হচ্ছে। ব্যক্তির চরিত্র যাই হোক না কেন, দলীয় পদ থাকলেই সব সম্ভব হচ্ছে।

প্রশাসনের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিগত দিনের ‘রাতের নির্বাচন’ ও ‘ডামি নির্বাচন’ পরিচালনাকারী ডিসি-এসপিরা ভেবেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে তারা বড় বড় পদ বাগিয়ে নেবেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আজ তাদের একজনেরও চাকরি নেই।

লালমনিরহাট জেলা এনসিপির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মানবকণ্ঠ/ডিআর