প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল ভারত
শীর্ষ শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিল দিল্লি
ভারতজুড়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়ম নিয়ে চলমান তীব্র আন্দোলনের মুখে বড় পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ আমলা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বিনীত জোশীকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ গাঙ্গোয়ার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ রদবদলের কথা জানানো হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা বিনীত জোশীকে এখন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, নরেশ গাঙ্গোয়ারকে নতুন শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রামীণ উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব টি কে অনিল কুমারকে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব করা হয়েছে। সরকারের বৃহৎ প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে মোট ১৩টি নতুন নিয়োগ এবং চারটি ইন-সিটু পদোন্নতি দেওয়া হয়েছে।
শিক্ষাসচিব পরিবর্তনের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন প্রশ্নফাঁসের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিরোধী দলগুলো দেশজুড়ে বিক্ষোভ করছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে আসছেন।
মণিপুর ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা বিনীত জোশী এর আগে মণিপুরের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রথম মহাপরিচালক ছিলেন—যে সংস্থাটি নিট (NEET) এবং জেইই (JEE)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে। এছাড়া তিনি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আইআইটি কানপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড (আইআইএফটি) থেকে এমবিএ ডিগ্রিধারী এই প্রবীণ আমলাকে সরিয়ে দেওয়াকে বিক্ষোভের মুখে সরকারের নমনীয় হওয়ার সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments