রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ শাহীনের স্ত্রী ফাহিমা আক্তার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন—মো. শাহীন (২৪) ও তার ভাগনি হাফসা (৮)। হাসপাতালে চিকিৎসাধীন ফাহিমা আক্তারের (২১) শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুন বাজারের ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হন। উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে প্রথমে মৃত্যু হয় শিশু হাফসার। এর মাত্র ৬ ঘণ্টা পর, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে মারা যান মামা শাহীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাহীনের শরীরের ৫০ শতাংশ এবং শিশু হাফসার ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় আইসিইউতে মৃত্যু হয়েছে। এ ছাড়া ফাহিমার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থাও বর্তমানে আশঙ্কাজনক।
মানবকণ্ঠ/ডিআর




Comments