জাপানের নাগোয়ায় আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড না খেলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পুরুষ ও নারী উভয় ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, পুরুষ বিভাগে মোট ১০টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে শীর্ষ চার দল সরাসরি নকআউটে খেলবে, আর বাকি ছয়টি দল প্রথম রাউন্ডে লড়াই করে মূল পর্বে পৌঁছানোর চেষ্টা করবে।
প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, নেপাল ও স্বাগতিক জাপান। অন্যদিকে ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে উন্নীত হয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত।
অন্যদিকে, মেয়েদের ক্রিকেট ইভেন্ট সরাসরি কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্যান্য ম্যাচে ভারত লড়বে জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার মুখোমুখি হবে মালয়েশিয়া এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। নারী বিভাগে মোট আটটি দল অংশ নেবে। মেয়েদের এই লড়াই চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
সবগুলো ম্যাচই জাপানের নাগোয়া শহরে টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণপদক জিতেছিল ভারত। সেবার পুরুষদের ফাইনালে বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। আর মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।
মানবকণ্ঠ/ডিআর




Comments