Image description

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

হাইকোর্টের বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন। শনিবার (২৫ জুলাই) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জেএমসি বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগে সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। বিএফআইইউর তদন্তে ওই প্রতিষ্ঠানের সঙ্গে এস আলম গ্রুপের সংশ্লিষ্টতার বিষয়ও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ইসলামী ব্যাংকের শেয়ার কেনার অর্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তদন্তে এ সময় ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও উঠে এসেছে।

বিএফআইইউর প্রতিবেদনের ভিত্তিতে পুরো ঘটনার অনুসন্ধান, তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ২০২৫ সালে ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলাতেও ঢাকা আদালত দুদককে তদন্তের নির্দেশ দিয়েছিলেন।