ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অভিযোগটি করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা সোহরাব হোসেনকে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের নামও উল্লেখ করেন।
ভিডিওতে সোহরাব হোসেনকে বলতে শোনা যায়, সংসদ সদস্য যদি আবার আন্দোলনে নামেন, তাহলে তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। একপর্যায়ে তিনি এমপির ‘চোখ তুলে ফেলার’ হুমকিও দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয়দের দাবি, অভিযুক্ত সোহরাব হোসেন বিএনপির একজন কর্মী ও সমর্থক।
ঘটনার বিষয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় একটি পক্ষ এলাকায় অস্থিরতা সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি আতঙ্কিত নন, তবে এ ধরনের হুমকি সামাজিক পরিবেশের জন্য উদ্বেগজনক।
অন্যদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নেতা নন; সর্বোচ্চ একজন সমর্থক হতে পারেন। বিষয়টি জানার পর তিনি ভিডিওটি মুছে ফেলতে নির্দেশ দিয়েছেন এবং এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments