Image description

রাজধানীর পুরানা পল্টন কলেজে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। ইসলামের মহান আদর্শ প্রচার, কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া এবং সমাজের সর্বস্তরের মানুষের সাথে পবিত্র কুরআনের সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল বিনামূল্যে কুরআন বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।’

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, সমাজে কুরআনের চর্চা যত বাড়বে, নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা ততই কমবে। তিনি সবাইকে কুরআনের শিক্ষা নিজের জীবনে অনুসরণের পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।