Image description

মানুষের হোলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’। ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, “আমরা ভাবি সমাজ পরিবর্তন করব। সমাজ পরিবর্তন করতে যা যা লাগে, তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এ জন্য আমি ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আজ এখানে যারা মাইন্ড কোচ আছেন এবং ডা. মেছবাহসহ সমাজের জন্য যারা কাজ করে যাচ্ছেন, আমি সবাইকে অ্যাপ্রিশিয়েট করি।”

তিনি ‘ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট’ বইটির প্রশংসা করে বলেন, “আমি চাইব, এ রকম একটি বই আমার লাইব্রেরিতে থাকুক।”

তিনি আরও বলেন, “বইটির কয়েকটি লাইন আমার খুব পছন্দ হয়েছে। মানুষ আসলে চিন্তা করবে না—এমন নয়; বরং ‘চিন্তা আমার শত্রু নয়’—এটি ডা. মেছবাহর একটি গুরুত্বপূর্ণ বক্তব্য। আমরা কয়জন এভাবে ভাবি? আমাদের কাছে চিন্তা মানেই দুশ্চিন্তা, রাতে ঘুম হয় না, খাওয়া-দাওয়া হয় না। কিন্তু চিন্তা যে আমাদের শত্রু নয়, এটি উপলব্ধির একটি বড় বিষয়। এই বইটির ভাবনা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এটি একটি দারুণ সূচনা হবে।”

তিনি বলেন, “ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছু যে শেখা যায়, সেই বিষয়টি আমরা ভুলেই গেছি। যদি আমরা নিজেকে ভালোবাসি, নিজেকে উপলব্ধি করি এবং বিশ্বাস করি—‘আই ক্যান ডু ইট’, তাহলে আমরা অবশ্যই কাজটি করতে পারব। এ জন্য আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করাটা জরুরি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং পরিবার থেকেই পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।”

তিনি বলেন, “সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজ নিজ জায়গা থেকে পরিবর্তিত হই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রেদওয়ান হোসেন। এ ছাড়া বিভিন্ন পেশা ও ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।