দেশের বাজারে এক দফা কমানোর মাত্র তিন দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
আজ সোমবার (২৭ জুলাই) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নতুন দামের তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকেই সারাদেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। উল্লেখ্য যে, স্বর্ণ ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নির্ধারিত নিয়মগুলোই বহাল থাকবে।
এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিশ্ববাজার ও স্থানীয় পরিস্থিতির প্রেক্ষাপটে তিন দিন পরই আবার দাম বাড়াল সংগঠনটি।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৮ বার কমানো হয়েছে। বাকি ১ বার ভ্যাট সমন্বয় করা হয়। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
মানবকণ্ঠ/ডিআর




Comments