Image description

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে মৃত ৫ শিশুর মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট মৃত ৮২৫ জনের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৫ হাজার ৫৫৫ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন। বর্তমানে অনেক শিশু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর