Image description

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকারের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। ১১ আগস্ট থেকে জেলেরা পুনরায় হ্রদে মাছ ধরা শুরু করতে পারবেন।

সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।

সভায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করিম, জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই শেষ হওয়ার কথা ছিল। তবে বর্তমানে হ্রদে আশানুরূপ পানি বৃদ্ধি না পাওয়া এবং মাছের প্রজনন প্রক্রিয়া ও বৃদ্ধি এখনও পূর্ণতা না পাওয়ায় মৎস্য সম্পদের বৃহত্তর স্বার্থে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মানবকণ্ঠ/ডিআর