Image description

রাশিয়া ইরান, উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা আরও জোরদার করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উত্তর কোরিয়া, রাশিয়ায় আরও ৩০ হাজার সেনা পাঠাতে পারে। একই সঙ্গে ইরানও রাশিয়াকে অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারে ইউক্রেনের বিরুদ্ধে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, তেহরান ইতোমধ্যেই রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়েছে।

তার ভাষ্য, 'আমরা এসব মানুষকে বিশ্বাস করতে পারি না। কারণ একেবারে শুরুতেই, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না হলেও, ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছিল।'

তিনি আরও বলেন, 'আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে নতুন কোনো যুদ্ধফ্রন্ট না খুলে। কিন্তু বাস্তবতা হলো, ইরান ও উত্তর কোরিয়া ইতোমধ্যেই আমাদের বিরুদ্ধে এই যুদ্ধে অংশ নিয়েছে।'

তবে জেলেনস্কির এসব দাবির বিষয়ে রাশিয়া বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/এমআর