Image description

রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালটিকে নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করার পর কর্তৃপক্ষ আপিল করে। ওই আপিলের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটি গত ১৫ জুলাই সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতির ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুযায়ী, হাসপাতালটিকে 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর বিধানগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে যদি লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘিত হয়, তবে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে পুনরায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর