Image description

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্বে পরিবর্তনের আভাস মিলেছে। বিসিবির একটি সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বুধবার (২৯ জুলাই) বোর্ড সভায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়া হতে পারে। সাম্প্রতিক জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্ব দিয়ে সম্ভাবনার পরিচয় দেওয়ায় ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হৃদয়কে বিবেচনা করছে বোর্ড।

শুরুতে নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়ক করার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বোর্ডের ভাবনা, শান্ত টেস্ট ক্রিকেটে মনোযোগ দেবেন, আর সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন লিটন।

উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ ২০২৫ সালের ১২ জুন ওয়ানডে দলের অধিনায়ক হন এবং চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। তবে তার নেতৃত্বে বিদেশের মাটিতে ১৩টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি, যা নেতৃত্বে পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।