দেশে চলমান গ্যাস সংকট স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, একটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে আগুন লাগায় এলএনজি খালাস ব্যাহত হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
সোমবার (২৭ জুলাই) রাজধানীতে ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের কাজ চলছে। এ কারণে এলএনজি খালাস সম্ভব না হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে এবং বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশকে এলএনজি ও অন্যান্য জ্বালানি আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। গত ছয় মাসে প্রায় ৩ দশমিক ৬৫ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি আমদানি করতে হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করছে।
এ ছাড়া আগের সরকারের সময় থেকে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর প্রায় ৫৬ হাজার কোটি টাকা বিল বকেয়া রয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী। সংকট মোকাবিলায় আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।




Comments